জাতীয় ঐকমত্য কমিশনের সদ্য সাবেক সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে। নতুন দায়িত্বে তিনি উপদেষ্টার পদমর্যাদা অনুযায়ী বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন।
গণ-অভ্যুত্থানের পর গত বছর সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করেছিল। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক আলী রীয়াজ। কমিশনের কাজ সম্পন্ন হওয়ার পর গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যার সভাপতি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক রীয়াজ।
দীর্ঘ আট মাসের আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে কমিশন জুলাই জাতীয় সনদ নামে একটি সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে। গত ২৮ অক্টোবর এই কমিশন সনদ বাস্তবায়নের বিকল্প দুটি উপায় প্রস্তাব আকারে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছে, যার মূল রূপরেখা প্রণয়নে অধ্যাপক আলী রীয়াজের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।