সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চবিদ্যালয়ে এক প্রধান শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে ডাস্টার দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।
সম্প্রতি ঘটনাটির সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, ক্লাস চলাকালীন প্রধান শিক্ষক শিক্ষার্থীদের শাসন করার সময় এক ছাত্রীকে হঠাৎ ডাস্টার দিয়ে আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এমনকি আহত অবস্থায়ও তাকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় এবং পরে এক শিক্ষার্থীকে দিয়ে ক্লাসের মেঝেতে রক্ত মুছতেও দেখা যায়।
ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে পরীমণি লিখেছেন, “কত বড় বিকৃত মানসিকতার বড় লোক! এটা শিক্ষক হয় কীভাবে?”
তিনি ওই শিক্ষককে ‘বিকৃত মানসিকতার মানুষ’ বলে আখ্যা দেন এবং ক্ষোভ প্রকাশ করেন শিক্ষাঙ্গনে এমন বর্বর আচরণের বিরুদ্ধে।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে মন্তব্য করেছেন, “মেয়েরা এমনিতেই কোমলমতি, তাদের এমনভাবে আঘাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
আরও অনেকে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক এমন নির্দয় আচরণে সাহস না পান।