অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, তিনি দুপুরে ভাষণটি প্রদান করবেন, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড।
ধারণা করা হচ্ছে, এ ভাষণে ড. ইউনূস জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে জাতিকে অবহিত করবেন।
বর্তমানে নির্বাচন, জুলাই সনদের আইনি বৈধতা, গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি, জামায়াতসহ প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
একদিকে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, অন্যদিকে নির্বাচনের দিন গণভোট আয়োজন এবং জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে কি না—এ নিয়ে মাঠে সরব বিএনপি ও তাদের সহযোগী দলগুলো।
এ ছাড়া আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি (১৩ নভেম্বর) ঘিরেও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে।
এই জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।