আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স’— স্বাস্থ্য খাতের পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগামীকাল দেশের সব রাজনৈতিক দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য এনসিপির একজন হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। তাই কেউ ভয় পাবেন না। এখন তারা শুধু নামমাত্র অস্তিত্ব টিকিয়ে রেখেছে, বাস্তবে রাজনৈতিকভাবে মৃত।”
এসময় পাঁচ দফা দাবির মধ্যে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করার আহ্বান জানিয়ে জামায়াতসহ আটটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এই দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। গণভোট বাংলাদেশে হবেই, বিএনপি শত বছর চেষ্টাও করুক, এটা ঠেকানো সম্ভব নয়। দেশের বড় অংশ এই গণভোট চায়। এর তুলনায় বিএনপির কর্মীরা এখন তুচ্ছ পর্যায়ের।”
গণভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, “খালেদা জিয়া জনগণের মনোভাব বুঝেছিলেন বলেই বিএনপি এক সময় বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমান নেতৃত্ব জনগণের অনুভূতি ধরতে ব্যর্থ হলে, নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছে।”
সরকার সম্পর্কে কথা বলতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, “অন্তর্বর্তী সরকার এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত এক বছরে কেউ তাদের ন্যায্য অধিকার নিয়ে সরকারের কাছে গেলে প্রতিশ্রুতি ছাড়া কিছুই পায়নি। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবার রাস্তায় নামতে হচ্ছে — এটা সরকারের জন্য চরম লজ্জার বিষয়।”