সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পর্যায়ের কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে প্রেষণে থাকা কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও তিন মাসের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানায়, নতুন মেয়াদ ২০২৫ সালের ১২ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীনে উল্লিখিত অপরাধসমূহে সেনা কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যবস্থা নিতে পারবেন।
উল্লেখ্য, ছাত্র ও জনতার আন্দোলনের পর গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেশের অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে সরকার দুই মাস অন্তর এ ক্ষমতার মেয়াদ নবায়ন করে আসছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এই বিশেষ ক্ষমতার মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত বহাল থাকবে।