ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় জুলহাস (৪০) নামের এক বাসচালক দগ্ধ হয়ে মারা গেছেন।
সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুলহাসের বাড়ি একই গ্রামের ভালুকজান এলাকায় হলেও তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করে রাখা ছিল। গভীর রাতে চালক, এক নারী ও তার শিশু ছেলে বাসের ভেতরে অবস্থান করছিলেন।
হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে নারী ও শিশু জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হন, তবে চালক জুলহাস ভিতরে আটকা পড়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও মরদেহ উদ্ধার করে।
ওসি রোকুনুজ্জামান বলেন, “আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”