দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ এক গাড়ি বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিস্ফোরণের পর লালকেল্লা মেট্রো গেটেও আগুন ধরে যায় এবং আশপাশে পার্ক করা অন্তত ২২টি গাড়ি পুড়ে যায়। ঘটনার পর পুরো দিল্লিতে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী, যার ফলে গাড়ির ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি একটি সন্ত্রাসী হামলা হতে পারে।
অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত ১০টি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতেই বিস্ফোরণটি ঘটে। এর তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের ভবনের জানালার কাচ পর্যন্ত ভেঙে যায়।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত গাড়ি থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর কয়েক ঘণ্টা আগে, দিল্লির উপকণ্ঠ ফরিদাবাদে অভিযান চালিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ প্রায় ৩৬০ কিলোগ্রামের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে—যা নিয়ে এখন তদন্তে নতুন প্রশ্ন উঠেছে।