নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের পক্ষে ঢাকার রাজপথে ঘোষিত কর্মসূচি কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।
শফিকুল আলম লিখেছেন, “বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ), তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন, এটি ২৮ অক্টোবর, ২০০৬। তারা কল্পনা করছেন, প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার-হাজার দুর্বৃত্তের দলকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবেন।”
তিনি আরও লিখেছেন, “দুঃখিত—এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যেকোনো বিক্ষোভ বা কর্মসূচির চেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে।”
প্রেস সচিব সতর্ক করে বলেন, “জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন এটি ২৮ অক্টোবর, ২০০৬ নয়—এটি জুলাই, চিরকাল।”
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন চারদলীয় জোট সরকারের শেষ দিনে রাজধানীর রাস্তায় প্রকাশ্যে অস্ত্রধারীরা হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালায়, যা সারা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল।