তিন দফা দাবি পূরণ এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার (৯ নভেম্বর) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালীন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এই ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ। তিনি বলেন, “দাবি বাস্তবায়ন ও পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল থেকে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।”
শামসুদ্দিন মাসুদ আরও জানান, পুলিশের হামলায় অনেক শিক্ষক গুরতর আহত হয়েছেন। তিনি বলেন, “পুলিশ শিক্ষকদের ওপর রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করেছে। শতাধিক শিক্ষক আহত হয়েছেন। অনেকের হাতে-পায়ে ও পেটে রাবার বুলেট ঢুকেছে। একজন শিক্ষক কপালের পাশে রাবার বুলেটের আঘাতে পিজি হাসপাতালে ভর্তি আছেন, অন্যরা ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।”
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালন করার ঘোষণা দিয়েছিলেন। এরপর তারা তিন দফা দাবির প্রতি জোর দিয়ে শহীদ মিনার থেকে শাহবাগের দিকে পদযাত্রা শুরু করেন, যা পুলিশের বাধার মুখে পড়লেও আন্দোলন স্থগিত হয়নি। শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।