সৌদি আরবে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য বড় সুখবর এসেছে। দেশে ফেরা আরও সহজ করতে দেশটির সরকার চালু করতে যাচ্ছে আধুনিক ডিজিটাল ব্যবস্থা ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫–এ এই তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কর্তৃপক্ষ জানায়, এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনে আবেদন করেই নিজ দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এর ফলে দীর্ঘদিনের জটিল ও সময়সাপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটবে।
এছাড়া, যাত্রী চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হচ্ছে ‘স্মার্ট ট্র্যাক’ নামের একটি নতুন প্রযুক্তি। এতে যাত্রীরা স্মার্ট ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন।
আরও জানানো হয়, ‘ডিজিটাল টুইনস’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) একটি ব্যবস্থা চালু করা হবে, যা জনসমাগমের গতি, অপেক্ষার সময়, এবং সেবার মান পর্যবেক্ষণ করবে।
সৌদি সরকারের দাবি, এসব উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের আগেই দেশটির ভ্রমণ ও প্রবাসী সেবা খাতে এক নতুন প্রযুক্তিনির্ভর যুগের সূচনা হবে, যেখানে প্রযুক্তিই হবে সেবার কেন্দ্রবিন্দু।