জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, জাতীয় দলে খেলার সময় তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তাঁর দাবি, তৎকালীন নারী দলের নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাঁকে যৌনভাবে হয়রানি করেছিলেন। এছাড়া, নিজের ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার পেছনে জাতীয় দলের কয়েকজন বর্তমান ও সাবেক কোচিং স্টাফ এবং খেলোয়াড় জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।
জাহানারার এই বক্তব্য প্রকাশের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযোগের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি আরও জানায়,
“সব খেলোয়াড় ও কর্মকর্তার জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বোর্ড অঙ্গীকারবদ্ধ। অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জাহানারার প্রতি সংহতি জানিয়েছে। তারা বলেছে,
“আমরা কোনো বিলম্ব বা অজুহাত দেখতে চাই না। দ্রুত তদন্ত শেষ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।”
কোয়াব আরও জানিয়েছে, নারী ক্রিকেটে জাতীয় দল থেকে শুরু করে সব স্তরে এমন অভিযোগ থাকলে তা গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
এর আগে, এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা বর্তমান অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধেও কিছু অভিযোগ তুলেছিলেন, যেগুলোকে বিসিবি তখন “ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছিল।
২০১১ সালে জাতীয় দলে অভিষেক ঘটে জাহানারার। সর্বশেষ তিনি গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।