জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাই আন্দোলনে যুক্ত ব্যক্তিরা ও নিম্নআয়ের প্রার্থীরা মাত্র ২ হাজার টাকায় ফরম সংগ্রহ করতে পারবেন।
তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে, এবং ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। এটি কোনো নির্বাচনী জোট নয়, বরং নীতিনির্ভর রাজনৈতিক সমঝোতা।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনভাবে ফরম সংগ্রহ করতে পারবেন — কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে, অথবা দলীয় দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে। অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে, যাতে প্রার্থীরা সহজে আবেদন করতে পারেন।