টালিউডের প্রাক্তন জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে আলোচনার শেষ নেই। একসময় একাধিক হিট সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছিলেন তারা। কিন্তু বহু বছর আগেই বিচ্ছেদ ঘটেছে সেই সম্পর্কের। তবুও সময় পেলেই দেব-শুভশ্রীর নাম একসঙ্গে ঘুরে ফিরে আসে আলোচনায়। সর্বশেষ হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে শুভশ্রীর মন্তব্য ঘিরে আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে।
বর্তমানে শুভশ্রী তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’–এর প্রচারণায় ব্যস্ত। সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— “যদি আপনি সাংবাদিক হতেন, তাহলে স্বস্তিকা, জিৎ ও দেবকে কী প্রশ্ন করতেন?”
প্রথমে স্বস্তিকা মুখার্জির প্রসঙ্গে শুভশ্রী বলেন,
“আমি জানতে চাইতাম, দর্শকরা কেন তার কাছ থেকে আরও বাংলা সিনেমা পাচ্ছে না?”
জিৎ-এর ক্ষেত্রে প্রশ্ন ছিল,
“তার প্রিয় সহ-অভিনেত্রী কে?”
কিন্তু দেবের নাম উঠতেই শুভশ্রী কিছুক্ষণ চুপ করে থাকেন। কয়েক সেকেন্ড ভেবে হালকা হাসি দিয়ে বলেন,
“দেবকে আর কী প্রশ্ন করব? শুধু জানতে চাইবো— কেমন আছো।”
এই সংক্ষিপ্ত উত্তরই যেন আগুনে ঘি ঢেলেছে। নেটিজেনরা সঙ্গে সঙ্গে শুরু করেছেন নানা বিশ্লেষণ ও জল্পনা-কল্পনা। কেউ বলছেন, শুভশ্রীর কথার মধ্যেই লুকিয়ে আছে পুরোনো সম্পর্কের আবেগ, আবার কেউ বলছেন, এটি ছিল নিছকই কূটনৈতিক উত্তর।
তবে দেব ও শুভশ্রী— দুজনেই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি।
উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে শুভশ্রীর নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। এবারও তিনি হাজির হচ্ছেন একদম নতুন চরিত্রে, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।