আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি ও অভিযানের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের একটি টিম মেঘনা নদীপথে স্পিডবোটযোগে বাশগাড়ী, মির্জারচর ও চরমধুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।
অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। তাঁর সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
অভিযানকালে প্রশাসনের টিম মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম পরিদর্শন, ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই করেন। এ সময় বিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রমও দেখা হয়।
একই দিনে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চালালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন কর্মকর্তারা।
অভিযান শেষে ইউএনও মো. মাসুদ রানা সাংবাদিকদের বলেন, “রায়পুরা অংশে অবৈধ বালু উত্তোলনের খবরের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। পাশাপাশি নির্বাচনের আগে চরাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশাসন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।”
সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর বলেন, “নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে আমরা কাজ করছি। থানার ওসি, তদন্ত কেন্দ্র ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক চলছে। অস্ত্র উদ্ধার ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের এই আকস্মিক অভিযান চরাঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলেছে। দীর্ঘদিন ধরে নদী থেকে বালু তোলার ফলে যে পরিবেশগত ক্ষতি হচ্ছিল, প্রশাসনের কঠোর অবস্থানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে ও চলাকালীন সময়েও চরাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল ও নজরদারি অব্যাহত থাকবে। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।