ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। সংক্রমণ ও মৃত্যুর মিছিল যেন থামছেই না, বাড়ছে স্বজনহারা মানুষের আহাজারি। দেশের কীটতত্ত্ববিদদের আশঙ্কা সত্যি প্রমাণিত হচ্ছে—নভেম্বরেও ডেঙ্গুর দাপট অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন রেকর্ড ১০ জন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫ জন, উত্তর সিটিতে ৩ জন, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২ জনে।
একই সময়ে নতুন করে ১,০৬৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১২৮ জন, চট্টগ্রামে ৯৯ জন, ঢাকার বাইরে অন্যান্য জেলায় ২১৯ জন, ঢাকা উত্তর সিটি এলাকায় ২৫১ জন, দক্ষিণ সিটিতে ১৫২ জন, খুলনায় ৬৮ জন, ময়মনসিংহে ৭০ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ৪৩ জন এবং সিলেটে ৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ সময় ৯৫৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৭১ হাজার ৪৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ৭৪ হাজার ৯৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।