কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চট্টগ্রামগামী ‘মারছা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায় এবং এর আটজন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তিনজন মালুমঘাট হাসপাতালে এবং দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আহত অপর তিনজন চিকিৎসা নিচ্ছেন।
ওসি মেহেদী হাসান বলেন, হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা কক্সবাজারগামী পর্যটক ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত বাস ও মাইক্রোবাস হাইওয়ে থানায় জব্দ করে নেওয়া হয়েছে।