স্পেনের বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব — ‘ফেস্টিভো কুলতুরাল দে রাভাল ২০২৫’। আগামী ৯ই নভেম্বর ২০২৫, রবিবার এই উৎসব অনুষ্ঠিত হবে বার্সেলোনার ঐতিহাসিক ও বহুজাতিক এলাকা রামলা রাভাল-এ।
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে ছড়িয়ে দিতে এবং বিভিন্ন জাতি-সংস্কৃতির মানুষের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে এ উৎসবের আয়োজন করেছে এসোসিয়াসিওন কুলতুরাল ই হিউমানিতারিয়া দে বাংলাদেশ আ কাতালুনিয়া এবং ফুন্দাসিও তোত রাভাল।
দিনব্যাপী এই উৎসবকে ঘিরে থাকবে নানা আয়োজন। সকাল ১০টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলবে মেলা, যেখানে প্রবাসী বাংলাদেশিরা তাদের খাবার, পোশাক, কারুশিল্প এবং বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের স্টল সাজাবেন। দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ খাবার পরিবেশনের আয়োজন।
মূল আকর্ষণ হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেবে প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় সংগীত দল ‘রোকা বাংলা ব্যান্ড’। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হবে পুরো অনুষ্ঠানস্থল। এছাড়াও স্থানীয় শিল্পীরাও গান, নাচ ও নাটকের মাধ্যমে নিজেদের প্রতিভা প্রদর্শন করবেন।
উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো বার্সেলোনার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সংগীতকে তুলে ধরা এবং প্রবাসী নতুন প্রজন্মকে তাদের শেকড়ের সঙ্গে যুক্ত রাখা।
‘ফেস্টিভো কুলতুরাল দে রাভাল ২০২৫’ শুধু একটি মেলা নয়, এটি হবে বাংলাদেশ ও কাতালুনিয়ার সংস্কৃতির মিলনমেলা, যেখানে সংগীত, খাবার, রঙ ও আনন্দের উৎসবে একত্র হবে বিভিন্ন দেশের মানুষ।