এনআরবি ওয়ার্ল্ড অমর একুশে সাহিত্য সম্মাননাপ্রাপ্ত কবি, মুক্তিযোদ্ধা ও চিকিৎসক ডা. কাউসারী মালেক রোজী সম্প্রতি জন্মদিন উদযাপন উপলক্ষে প্যারিস ও লন্ডন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন। গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় নিজ বাসভবন থেকে তিনি অনলাইনে যুদ্ধদিনের সহযোদ্ধা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের সহযাত্রী এবং ঢাকা-কলকাতার শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কবিতা পাঠে অংশ নেন। এরপর তিনি প্যারিস যান এবং ১৯ অক্টোবর লন্ডন বাংলা বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
এদিকে কলকাতায় এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের উদ্যোগে রবিবার শরৎচন্দ্রের বাসভবনে তাঁর জন্মদিন উপলক্ষে এক সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সাহানারা খাতুন, আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরী, নাট্যশিল্পী চিন্ময় সুতার, কবি বরুণ চক্রবর্তী, কবি দীপ্ত দাশগুপ্ত, অধ্যাপক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক শিরিন সুলতানা প্রমুখ। এসব তথ্য জানিয়েছেন এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক ওমর আলী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

ডা. কাউসারী মালেক রোজী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫২ সালের ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধকালীন টাঙ্গাইলের সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ আবদুল মালেকের কন্যা। তিনি একসময় দৈনিক ইত্তেফাকের শিশুপাতা “কচি কাঁচার আসর”, সাপ্তাহিক রোববার ও বেগম পত্রিকায় নিয়মিত লিখতেন। স্বাধীনতার পর বাংলাদেশ বেতার ও টেলিভিশনে উপস্থাপনার দায়িত্বও পালন করেছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি গেরিলা যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নেন এবং আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় সক্রিয় ভূমিকা রাখেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে “কাঁচের এপার ওপার”, “মাঝ নদীতে বাড়ি” এবং কলকাতা বইমেলায় ২০২৫ সালে প্রকাশিত “ভিক্ষুকের মুখ”।
প্রবাসে বাংলা সাহিত্যচর্চায় বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন একাধিক সম্মাননা— ২০১০ সালে নিউইয়র্কের সাপ্তাহিক ঠিকানা সাহিত্য সম্মাননা, ২০২৩ সালে ইডেন কলেজের ১৫০ বছর পূর্তিতে ইডেন কলেজ সাহিত্য সম্মাননা এবং ২০২৫ সালে কলকাতায় এনআরবি ওয়ার্ল্ড আয়োজিত অমর একুশে সাহিত্য সম্মাননা। বর্তমানে তিনি এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের প্রেসিডিয়াম সদস্য এবং কলকাতা থেকে প্রকাশিত সাহিত্যপত্রিকা শেকড়কথা-এর উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।