আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার প্রবাসী ও কারাগারে থাকা আসামিরাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)-এ অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে প্রায় ১০ লাখ কর্মকর্তা ও সদস্য মোতায়েন করা হবে। প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যন্ত সবাই নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবেন। কিন্তু সাধারণত তারা নিজেরাই ভোট দিতে পারেন না। এবার আমরা ব্যবস্থা নিচ্ছি, যাতে নির্বাচনের দায়িত্বে থাকা সবাই ভোট দিতে পারেন।”
তিনি জানান, “এর জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রেজিস্ট্রেশন করলে তাদের ব্যালট পেপার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে। গাইডলাইন অনুযায়ী তারা ভোট দিতে পারবেন।”
এ এম এম নাসির উদ্দিন বলেন, “যারা আইনি হেফাজতে আছেন, তারাও এ দেশের নাগরিক। তাদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও এবার ভোট দিতে পারবেন।”
তিনি আরও বলেন, “আমি এই দায়িত্বকে চাকরি হিসেবে নিইনি, বরং একে জাতীয় মিশন ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সংকটময় এই সময়ে আমাদের ‘আউট অফ দ্য ওয়ে’ গিয়ে কাজ করতে হবে, প্রচলিত ধারা ভেঙে নতুনভাবে চিন্তা করতে হবে।”
সিইসি আরও জানান, নির্বাচনের সময় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার মূল ভরসা আনসার বাহিনী। আগামীর বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কিছু দেখলেই যাচাই না করে শেয়ার করা এখন অনেকের অভ্যাস হয়ে গেছে। এটা বন্ধ করতে হবে।”
তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার রোধে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে, যেখানে যেকোনো তথ্যের সত্যতা যাচাই করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা।