পাকিস্তানের করাচিতে ঘটেছে চাঞ্চল্যকর এক মানবতাবিরোধী ঘটনা। হাসপাতালে বিল পরিশোধ করতে না পারায় এক মায়ের নবজাতক সন্তানকে বিক্রি করে দিয়েছে একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (২ নভেম্বর) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, করাচির মেমন গোঠ এলাকায় এই ঘটনা ঘটে। বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় হাসপাতাল প্রশাসন নবজাতকটিকে বিক্রি করে দেয় বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হওয়ার পর নবজাতকের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা (এসএসপি) আবদুল খালেক পীরজাদা জানান, ঘটনার পর সংশ্লিষ্ট হাসপাতালটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় হাসপাতালের চিকিৎসক ডা. জেহরা এবং শিশু বিক্রির সঙ্গে জড়িত নারী শামা বেলুচ পলাতক রয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শামা বেলুচ হাসপাতালের কর্মচারী। তিনি ডা. জেহরার সঙ্গে যোগসাজশে নবজাতকটিকে বিক্রি করেন এবং পরে শিশুটিকে পাঞ্জাবে পাচার করা হয়।
এফআইআরের তথ্যে বলা হয়, ডা. জেহরা শিশুটির মাকে বলেন, ‘আপনি যদি বিল পরিশোধ করতে না পারেন, আমি এমন এক মহিলাকে চিনি যিনি দরিদ্র পরিবারের শিশুদের লালন-পালন করেন।’ পরে সেই নারী শামা বেলুচ বিল মিটিয়ে নবজাতককে নিজের হেফাজতে নিয়ে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।