আফগানিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৭ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটি রোববার গভীর রাতে আঘাত হানে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলের খোলম এলাকা, যা মাজার-ই-শরীফ শহরের কাছাকাছি অবস্থিত। এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে সংঘটিত হয়।
রাতের ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয় সূত্র জানায়, মাজার-ই-শরীফের ঐতিহাসিক মাজারের কিছু অংশ ধসে পড়েছে, পাশাপাশি বিভিন্ন স্থানে ভবন ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান, যা দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত।
২০২৩ সালে হেরাত প্রদেশে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।
উল্লেখ্য, আফগানিস্তান একটি ভূমিকম্পপ্রবণ দেশ, কারণ দেশটির হিন্দুকুশ অঞ্চলে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল অবস্থিত। ফলে প্রায়ই দেশটিতে ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়।