আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলীয় সিদ্ধান্ত মেনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রবিবার (২ নভেম্বর) রাজধানীর বনানীতে অনুষ্ঠিত প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওবার্তায় তিনি এই নির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। এ নিয়ে বিএনপি সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে।”
তিনি জানান, ৩০০ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রস্তুতি চলছে। অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। তবে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন, তাদেরও আসন বণ্টনে অগ্রাধিকার দেওয়া হবে।
শিগগিরই মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, “অনেকে মনোনয়ন বঞ্চিত হবেন, কিন্তু দল ও দেশের স্বার্থে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। কারণ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”
তিনি আরও বলেন, “এমন কোনো আচরণ করবেন না, যাতে পুরো বিএনপি বিব্রত হয়।”
বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চলছে উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “বিএনপির বিজয় ঠেকাতে আবারও অপপ্রচার ও অপকৌশল শুরু হয়েছে। তবে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”
তিনি সকল ফ্যাসিবাদবিরোধী শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি দায়িত্বশীল দল হিসেবে শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সর্বোচ্চ ছাড় দিয়েছে। কিন্তু নিত্যনতুন শর্তের কারণে গণতন্ত্রের উত্তরণের পথ সংকটাপন্ন হয়ে পড়ছে। এর পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।”
তারেক রহমান বলেন, “যথাসময়ে নির্বাচন হবে কিনা—এমন সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। কৌশল ও অপকৌশলের পার্থক্য বুঝতে না পারলে শেষ পর্যন্ত অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণ করতে হতে পারে।”