টিকটক, মিউজিক ভিডিও ও নাটকের নিয়মিত মুখ রাসেল খান ও অনামিকা ঐশী অবশেষে সাত মাসের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গেল ২৭ অক্টোবর দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
২০২১ সালে পরিচয়ের পর রাসেল ও ঐশীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও চলতি বছর আবারও তাদের ঘনিষ্ঠতা বাড়ে, যা পরিণতি পায় বিয়েতে।
বিয়ের খবর নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে রাসেল খান বলেন,
“নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানাই, এরপর পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়। অতীত সবারই থাকে— আমরা চাই সুন্দর বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
তিনি আরও জানান, এখন অভিনয় ও মিউজিক ভিডিওর কাজ কিছুটা কমিয়ে ব্যবসায় মনোযোগ দিয়েছেন।
“বিদেশে ব্যবসার কাজে যাওয়া-আসা হয়। এর মধ্যেই হানিমুনের পরিকল্পনা আছে। ভবিষ্যতে মিডিয়াতে কাজ করলেও আমরা দুজন একসঙ্গেই করবো, আলাদা নয়।”

বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা মন্তব্য আসতে শুরু করে। কেউ কেউ তাদের নিয়ে রসিকতা করে “শিয়াল-মুরগী” সম্বোধনও করেন।
এর জবাবে রাসেল খান হাস্যরস করে বলেন, “অনেকে বলেছিল আমি শিয়াল, ঐশী মুরগী! আমি নাকি তাকে ইউজ করবো কিন্তু বিয়ে করবো না। তাই এখন বলছি— শিয়াল কিন্তু মুরগীকে ধরে ফেলেছে!”
তিনি আরও বলেন, “মানুষের পাশে থেকে ভালোবেসে আগলে রাখাই আসল বিষয়। অযত্নে ফেলে রাখা ফুল নয়, প্রিয়জনকে ভাবতে হবে আফ্রিকার জঙ্গল থেকে কুড়িয়ে আনা ডায়মন্ডের মতো মূল্যবান।”