বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও নতুন মেয়াদের জন্য নেতৃত্বে রেখেছে বর্তমান আমির শফিকুর রহমানকে। তিনি আগামী তিন বছর দলের শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন।
দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। শনিবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। রবিবার দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে সদস্যদের (রুকন) অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আমির নির্বাচিত হন শফিকুর রহমান।
শফিকুর রহমান এর আগে ২০২০-২০২২ এবং ২০২৩-২০২৫—এই দুই মেয়াদেও জামায়াতের নেতৃত্বে ছিলেন। ফলে তিনি টানা তৃতীয়বারের মতো দলের আমির হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।