চট্টগ্রামের পটিয়ার এক পলাতক আসামি দুবাই থেকে দেশে ফেরার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে মোট ৫৭টি মামলা রয়েছে—এর বেশির ভাগই চেক প্রতারণার অভিযোগে।
গতকাল শনিবার বিকেল চারটার দিকে ইমিগ্রেশন পুলিশ মোহাম্মদ রুহুল আমিন (৫৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাঁকে চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ রোববার সকালে আদালতের নির্দেশে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রুহুল আমিনের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সালাম। জানা গেছে, তিনি চট্টগ্রাম নগরের চাক্তাই ফিশারিঘাট এলাকায় মাছের আড়তের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশের ভাষ্য, রুহুল আমিনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ১০টিতে ইতিমধ্যে সাজা হয়েছে, আর বাকিগুলো এখনো বিচারাধীন। বিদেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি গ্রেপ্তার এড়াতে প্রায় পাঁচ বছর আগে দুবাইয়ে চলে যান। সম্প্রতি গোপনে দেশে ফেরার চেষ্টা করছিলেন, তবে সিলেট বিমানবন্দরেই ধরা পড়েন তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, “আমাদের অনুরোধে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থেকেই আটক করে। গতরাতেই তাঁকে পটিয়ায় আনা হয়েছে এবং আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”