আন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার কাসিবুগ্গা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার সকালে পদদলিত হওয়ার ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছেন। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে মন্দিরের গেট খোলার পর হাজারো ভক্ত একসাথে প্রবেশের চেষ্টা করলে। ভিড়ের চাপের কারণে একটি রেলিং ভেঙে পড়ে এবং মানুষ হুড়মুড় করে একে অপরের ওপর পড়ে, যার ফলে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে।
ঘটনার সময় মন্দির প্রাঙ্গণে প্রায় ১৫,০০০ ভক্ত উপস্থিত ছিলেন। একমাত্র প্রবেশ ও প্রস্থান পথের কারণে চাপ আরও বেড়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শ্রীকাকুলমের পুলিশ সুপার কেভি মহেশ্বর রেড্ডি জানান, “রেলিং ভেঙে যাওয়ার ফলে মানুষ ছয় ফিট উচ্চতা থেকে পড়ে একে অপরের ওপর পড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে যাওয়ায় পুরো পরিস্থিতি পদদলিত হওয়ার রূপ নেয়।”
মন্দিরটি ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় সরকারী তত্ত্বাবধানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। আন্ধ্রপ্রদেশের মন্ত্রী আনম রামনারায়ণ জানান, মন্দিরের ধারণক্ষমতা মাত্র ২,০০০–৩,০০০ জন হলেও প্রায় ২৫,০০০ ভক্ত একসাথে উপস্থিত হন, যার কারণে এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ঘটনাস্থল ও আহতদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসা এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতা ওয়াইএস জগন মোহন রেড্ডি এই দুর্ঘটনার জন্য সরকারের অবহেলার দায় স্বীকারের দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, এর আগে ভাইকুণ্ঠ একাদশী ও সিমহাচলম মন্দিরে অনুরূপ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় দুপুর পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ অভিযান চলছিল। মন্দিরটির বিস্তীর্ণ প্রাঙ্গণে প্রতিদিন বহু ভক্ত পুণ্যার্থীরূপে দর্শনে আসেন।