জুলাই সনদ জনগণের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশ এক অদ্ভুত সময়ের মুখোমুখি উল্লেখ করে মেজর (অব.) হাফিজ বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা লক্ষ্য করছি। অন্তর্বর্তী সরকার ও অনেক আমলা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। এজন্য তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়।”
জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “সব দল যেসব বিষয়ে একমত হবে, তা নিয়ে হওয়ার কথা ছিল সনদ। আমরা দ্বিমত দেখতে চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তারাই সনদ সম্পন্ন করবে। এখন জনগণের প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, কোনো সনদ নয়।”
বিএনপি নির্বাচনের স্বার্থে অনেক কিছু মেনে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ঐকমত্য কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক বিষয়গুলো পুনর্বিবেচনা করবে।”
সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ তুলে মেজর (অব.) হাফিজ বলেন, “যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের ভুলিয়ে দিতে চায় এই সরকার। আজ একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এ সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না। এই দেশের জন্ম মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই।”
তিনি আরও বলেন, “আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তবে তাদের প্রতিহত করা হবে।”