গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলামকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে প্রশাসনিক কারণে পুবাইল থানা থেকে প্রত্যাহার করে জিএমপির পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত ফেসবুকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের উদ্ধৃতি নিয়ে একটি সংবাদমাধ্যম প্রকাশিত ফটোকার্ডকে কেন্দ্র করে। ওই পোস্টে ওসি শেখ আমিরুল ইসলাম মন্তব্য করেন—“আগে গণভোট দরকার, স্বাধীনতাবিরোধীরা এ দেশে রাজনীতি করার অধিকার রাখে কি না?”
এই মন্তব্যের পর ২০ অক্টোবর গাজীপুর মহানগর জামায়াতের মজলিশে শুরার সদস্য মো. আমজাদ হোসেন এবং পুবাইল থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা তাঁর বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, পুবাইল থানায় যোগদানের পর থেকেই ওসি শেখ আমিরুল ইসলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং জামায়াত ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মন্তব্য করে যাচ্ছেন। এতে তাঁর প্রশাসনিক নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয় এবং তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে ওসি শেখ আমিরুল ইসলাম বলেন, “অভিযোগ ওঠার আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এ বিষয়ে আমার কিছু বলার নেই।”