কেনিয়ার উপকূল দিয়ে উড়ে যাওয়ার সময় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উড়োজাহাজের ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দেশটির উড্ডয়ন কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
উড়োজাহাজটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিয়ানি থেকে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে মাসাইমারা ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত কিচওয়া তেম্বো নামের একটি বেসরকারি এয়ারস্ট্রিপে অবতরণের কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়।
কেনিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা (কেসিএএ) এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটিতে ১২ জন আরোহী ছিলেন। সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকারি সংস্থাগুলো ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।
বিবৃতিতে এখন পর্যন্ত নিহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে, গত আগস্টে রাজধানী নাইরোবির শহরতলীতে অলাভজনক প্রতিষ্ঠান অ্যামরেফের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে ছয়জন নিহত ও দুজন আহত হন। কেনিয়ায় এটি চলতি বছরের দ্বিতীয় বড় বিমান দুর্ঘটনা বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।