দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর অর্থাৎ গত ৯ মাসে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬৬ হাজার ৪২৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, একজনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং একজনের বরিশাল বিভাগে।
একই সময়ে নতুন ভর্তি হওয়া ৯৮৩ জনের মধ্যে সবচেয়ে বেশি ২২৭ জন ঢাকা উত্তর সিটিতে, ১৩৩ জন ঢাকা দক্ষিণ সিটিতে এবং ১৭১ জন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে থেকে এসেছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রামে ১১১ জন, খুলনায় ৬২ জন, রাজশাহীতে ৭৮ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন ও সিলেটে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত এক দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ৯৭০ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর মোট ৬৩ হাজার ৪১৪ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরের শেষ দিকেও ডেঙ্গুর উচ্চসংক্রমণ অব্যাহত থাকা এ বছরের জন্য অস্বাভাবিক। তারা সতর্ক করেছেন, আবহাওয়া অনুকূলে থাকলে নভেম্বরেও সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে।