ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটার পর থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে হাঁটার সময় ফার্মগেট মেট্রো স্টেশনের নিচ থেকে উপর থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে ওই পথচারীর মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের নাম আবুল কালাম, তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা।
মেট্রোরেল কর্তৃপক্ষের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ দুপুর সোয়া ১টার দিকে বলেন, “লাইনের গার্ডারের জয়েন্টের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে গেছে। একজন মারা গেছেন বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানাতে পারব।”
বিয়ারিং প্যাড হলো বিশেষ ধরনের রাবার উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে স্থাপন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বস্তুটি পড়ে এক পথচারী নিহত হওয়ার পাশাপাশি ফুটপাতে থাকা একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষিবিদ ইনস্টিটিউশনে অবস্থানরত আতিকুর রহমান বলেন, “হঠাৎ জোরে একটা শব্দ হয়, পুরো ভবনটা কেঁপে ওঠে। প্রথমে মনে হয়েছিল কোনো গাড়ির টায়ার ফেটেছে। পরে দেখি একজন লোক পড়ে আছে, মাথায় কালো ভারী কিছু পড়েছে—সেখানেই তার মৃত্যু হয়।”
তেজগাঁও থানার এসআই নজরুল ইসলাম জানান, ঘটনাটি স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রো লাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিংয়ের একটি সরে যাওয়ার ঘটনা ঘটে।