প্রবাসী শ্রমিকদের (রেমিট্যান্স যোদ্ধা) পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সুবিধার কথা বিবেচনা করে পাসপোর্টের ফি হ্রাস করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) দ্রুত চালুর বিষয়েও আলোচনা চলছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যাত্রীদের অপ্রয়োজনীয় হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্প্রতি বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ঘটনার পেছনে কোনো অব্যবস্থাপনা ছিল কি না তা নিরূপণে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা তদন্তে অংশ নেবেন। তারা অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।