রাজধানীতে আর্থিক লেনদেন সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কর্মী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায়। একই ভবনের তৃতীয় তলায় চলছিল এনসিপির ঢাকা মহানগর ও জেলা পর্যায়ের সমন্বয় সভা। সেই সময় নিচতলায় মোহাম্মদপুর ও বংশাল থানার দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ হয়। এতে বংশাল থানার ইউসুফ নামে এক কর্মী আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুর এলাকার একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত হন। বিষয়টি পরে মহানগর উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতার কাছে সমাধানের জন্য পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নেন এবং পরে তাদের আটকে রাখার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে তারা পালিয়ে এসে পরবর্তীতে টাকা ফেরতের দাবি জানান, কিন্তু কোনো সাড়া মেলেনি।
শুক্রবার কনভেনশন হলে রিয়ানের সঙ্গে তাঁদের মুখোমুখি হলে আবারও উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়। পরে পরিস্থিতি শান্ত হয়।