বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট তারিখ জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, শিগগিরই তারিখটি জানা যাবে। আশা করছি, নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। তিনি ইতোমধ্যেই সাক্ষাৎকারে তা জানিয়েছেন। কোন আসন থেকে প্রার্থী হবেন, তা পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যেকোনো আসন থেকেই তিনি নির্বাচন করতে পারেন।
২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান তারেক রহমান। এরপর থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন এবং সেখান থেকেই দলের কার্যক্রম পরিচালনা করছেন।
সেদিন সাংবাদিকরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি নির্বাচন করবেন কিনা। আমরা চাই তিনি নির্বাচনে অংশ নিন।