বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক অশ্লীল কনটেন্ট তৈরির নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার রাতে বান্দরবান থেকে তাদের আটক করা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
সিআইডি জানায়, ওই দম্পতি বিদেশভিত্তিক একটি জনপ্রিয় ওয়েবসাইটে নিয়মিত প্রাপ্তবয়স্ক কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি অল্প সময়ের মধ্যেই বিশ্বের পরিচিত পর্ন প্ল্যাটফর্মগুলোর শীর্ষে চলে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেদের ‘মডেল’ হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন।
গবেষণাধর্মী অনুসন্ধান প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের মে মাসে তারা অনলাইনে সক্রিয় হন। এক বছরের মধ্যেই শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন। শুধু একটি ওয়েবসাইট নয়, তারা একাধিক অনলাইন প্ল্যাটফর্মে কনটেন্ট ছড়িয়ে দিতেন এবং টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে তা প্রচার করতেন।
২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে হাজারের বেশি সদস্য রয়েছে। সেখানে নিয়মিত নতুন ভিডিওর লিংক ও তাদের আয়ের তথ্য শেয়ার করা হতো।
অনুসন্ধানে আরও জানা গেছে, তারা তরুণদের এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য প্রলোভন দিতেন। কিছু পোস্টে দেখা গেছে—‘নতুন ক্রিয়েটর আনুন, আয় করুন’—এমন বার্তায় মানুষকে আকৃষ্ট করা হতো।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি তৈরি, প্রচার বা বিতরণ করা একটি দণ্ডনীয় অপরাধ। এই দম্পতি শুধু নিজেরাই অবৈধভাবে কনটেন্ট তৈরি করছিলেন না, বরং অন্যদেরও এই কাজে যুক্ত করতে ভূমিকা রাখছিলেন, যার ফলে দেশে বসেই একটি বৃহৎ পর্ন নেটওয়ার্ক গড়ে উঠছে বলে অভিযোগ উঠেছে।