বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড.মুহাম্মদ ইউনূসের ইতালি সফরকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালি বিএনপির নেতৃবৃন্দ। এ সময় প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা,দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মৃধা প্রবাসীদের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তিনি ড. ইউনূসের কাছে ইতালিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন,ইতালিতে বিপুলসংখ্যক বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন। কিন্তু এখানে কোনো বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যান্য দেশে পাঠাতে বাধ্য হচ্ছেন। তাই প্রবাসী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় সরকারের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এখন সময়ের দাবি।
এছাড়াও সিরাজুল ইসলাম মৃধা পাসপোর্ট নবায়ন ও সংশোধন প্রক্রিয়ার জটিলতা, ইতালিতে বৈধতা হারানো বিপুলসংখ্যক প্রবাসীর নাগরিক অধিকার পুনরুদ্ধার, এবং প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে এসব বিষয়ে কার্যকর সরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন,ড. ইউনূসের নেতৃত্বে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক প্রশাসন গড়ে উঠবে,যেখানে প্রবাসীদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে প্রতিফলিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।
ড. মুহাম্মদ ইউনূস প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসীদের শিক্ষা,নাগরিক অধিকার ও প্রশাসনিক জটিলতাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন এবং এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, বিশ্ব খাদ্য সংস্থার (FAO) সাধারণ অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস ১২ অক্টোবর রোমে পৌঁছান। সফরকালে তিনি আন্তর্জাতিক বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। দুই দিনের সরকারি সফর শেষে ১৪ অক্টোবর তিনি ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ করেন।
প্রবাসী বাংলাদেশি ও ইতালি বিএনপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ড. ইউনূসের নেতৃত্বে প্রবাসীদের শিক্ষা, বৈধতা ও নাগরিক অধিকার সংক্রান্ত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।