অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রাজধনী রোমের এসে পৌঁছেছেন। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিও নার্দো দ ভিঞ্চি পৌঁছান তিনি। রোববার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা,দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেন। আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে।