আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে আজ দুপুরে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ট্রাইব্যুনাল–১–এ জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরুর সময় এই হামলা হয়।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় অজ্ঞাত হ্যাকাররা চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজটি নিষ্ক্রিয় করে দেয়। কিছু সময় পর সেটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।
তাজুল ইসলাম বলেন, ‘এই হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছে—আমাদের কাজকে তারা ভয় পায়। আমরা যে প্রমাণ উপস্থাপন করছি, তাদের যে নিষ্ঠুরতার বিবরণ তুলে ধরছি, তা যেন দেশ-বিদেশের মানুষ জানতে না পারে, সে কারণেই তারা এই সাইবার হামলা চালিয়েছে।’
তিনি আরও বলেন, অপরাধীরা যত শক্তিশালীই হোক, অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধীকে রক্ষার কোনো প্রচেষ্টা বাংলাদেশে কখনো সফল হবে না।
এর আগে গত বুধবার মামলার সাক্ষ্যগ্রহণের কাজ শেষ হয়। ওই দিন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর ৫৪তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। আজ শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন, যেখানে রাষ্ট্রপক্ষ প্রথমে বক্তব্য রাখে।
এই মামলার তিন আসামি হলেন ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাদের মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।