রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর জাপার নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন। ঘটনাটি ঘটে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে।
এর আগে বিকেল ৩টার দিকে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে কর্মী সমাবেশ শুরু করেন দলটির নেতারা। এতে জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকা থেকে আসা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
তবে সমাবেশের জন্য কোনো অনুমতি না থাকায় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে নির্দেশ দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভিড় ছত্রভঙ্গ করে।
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “জাতীয় পার্টির কর্মসূচির জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। তারা সড়ক দখল করে সমাবেশ শুরু করেন। সরে যেতে বললে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা পুলিশের দিকে ধাওয়া দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”
সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।