ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আজ (মঙ্গলবার) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের কর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, “ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হয়—আবরার ফাহাদের হত্যার মধ্য দিয়ে সেই বার্তাই দেওয়া হয়েছিল, যেন আর কেউ সত্য উচ্চারণ করতে সাহস না পায়।”
তিনি অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে বর্তমানে তিনটি পরাশক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করছে—এর মধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্বশক্তি। “শেখ হাসিনার মতো লেজুড়বৃত্তি নেতৃত্বের কারণেই এই পরাশক্তিগুলো রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে পেরেছে,” বলেন তিনি।
দেশের রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের মেধা, সততা ও সুশিক্ষিত নেতৃত্ব দিয়ে রাজনীতির মাঠে প্রতিযোগিতা করতে হবে। সৎ রাজনীতি ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।”
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের কক্ষে পিটিয়ে হত্যা করা হয়। তার মৃত্যুতে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।