নিউইয়র্কে আসন্ন সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক গভর্নর এ্যান্ড্রু কোমো বলেছেন, “এবারের নির্বাচন দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে নয়, হবে দুই দর্শনের মধ্যে।” তিনি জানান, “আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী মামদানীর মূল পার্থক্য হলো আমি যে দর্শনে এই শহর গড়ে তুলতে চাই, তিনি তা বিশ্বাস করেন না। আমি ম্যানেজমেন্ট বুঝি এবং এই সিটির জন্য প্রয়োজনীয় সুশাসন উপহার দিতে চাই।”
রবিবার (৫ অক্টোবর) বেলরোজের গোল্ডেন ইয়ার্স পার্টি হলে বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক আয়োজিত শারদীয় দুর্গোৎসবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি পূর্ণচন্দ্র মুখার্জি এবং সঞ্চালনা করেন অসীম সাহা।
অনুষ্ঠানে কোমো বলেন, “আমরা বিশ্বাস করি সুযোগ সৃষ্টিতে, অর্থনৈতিক উন্নয়নে, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপত্তায়। নিউইয়র্কের বৈচিত্র্যই আমাদের গৌরব।” তিনি প্রতিশ্রুতি দেন, মেয়র নির্বাচিত হলে শহরটিকে সকল নাগরিকের জন্য আরও নিরাপদ, বাসযোগ্য ও সমৃদ্ধ করতে কাজ করবেন।
কোমো বলেন, “সব কিছু বিনামূল্যে পাওয়ার পক্ষে নই, তবে জীবনধারণের খরচ কমানো, সাবওয়ে ও সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং সরকারি শিক্ষার মান উন্নয়ন আমার অগ্রাধিকার।”
মেয়র এরিক এডামস প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় তাকে শ্রদ্ধা জানিয়ে কোমো বলেন, “তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। নিউইয়র্কের মানুষ তার সেবার সাক্ষী।”
অনুষ্ঠানে বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, যিনি কোমোকে “সর্বাধিক যোগ্য মেয়র প্রার্থী” হিসেবে অভিহিত করেন।
নিউ আমেরিকান ভোটার অ্যাসিস্ট্যান্সের চেয়ারম্যান ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট ড. দিলীপ নাথ বলেন, “আমরা এমন একজন নেতাকে চাই, যিনি কুইন্সসহ গোটা নিউইয়র্ক সিটিকে সকলের জন্য বাসযোগ্য করবেন। এই শহরে ১৯৩টি দেশের মানুষ, প্রায় ২০০ ভাষায় কথা বলে—এটাই আমাদের শক্তি।”
তিনি আরও বলেন, “কোমো তিন দশক ধরে গভর্নর ও ফেডারেল কর্মকর্তা হিসেবে অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন—মারিও কোমো ব্রিজ, লাগোয়ার্ডিয়া ও জেএফকে বিমানবন্দর, ময়নিহ্যান ট্রেন স্টেশন তারই দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. হরি শুকলা, নেপালি কমিউনিটির চামা চাকনা, গায়ানিজ কমিউনিটির বাচ্চু, প্রকাশ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, ড. দ্বিজেন ভট্টাচার্য, বিদ্যুৎ সরকার, বিশ্বজিৎ চৌধুরী ও শীতের ধর প্রমুখ।
এসময় বেদান্ত সোসাইটির সভাপতি রীনা সাহা এ্যান্ড্রু কোমোকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান এবং পুরোহিত টিটন আচার্য রাখি বন্ধন পরিয়ে আশীর্বাদ করেন।
ড. দিলীপ নাথ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কের হিন্দু কমিউনিটির পক্ষ থেকে এ্যান্ড্রু কোমোকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন (এনডোর্স) ঘোষণা করেন।
পরে কোমো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। উল্লেখ্য, প্রাইমারি নির্বাচনে কোমো যোহরান মামদানীর কাছে পরাজিত হন, যিনি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পান।