ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো অন্তত ২৬ জন নিখোঁজ রয়েছেন। সময় গড়িয়ে যাওয়ায় জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমশ কমে আসছে। খবর এএফপি।
গত সোমবার (৩০ সেপ্টেম্বর) আসরের নামাজ চলাকালীন হঠাৎ মাদ্রাসার ভবনের একটি অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বহু শিক্ষার্থী নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বিএএসএএনএএস-এর অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও জানান, এখন পর্যন্ত মোট ১৪১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১০৪ জন জীবিত এবং ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিতও একই সংখ্যা নিশ্চিত করেছেন।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, নিম্নমানের নির্মাণকাজই ভবন ধসের অন্যতম কারণ।
নিখোঁজদের উদ্ধারে চতুর্থ দিনের অভিযানে বৃহস্পতিবার (২ অক্টোবর) ৭২ ঘণ্টা পার হওয়ার পর পরিবারগুলোর অনুমতিতে ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু হয়। এর ফলে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভবন ধসের সময় মাদ্রাসাটিতে শিক্ষার্থী ছাড়াও কয়েকজন শিক্ষক অবস্থান করছিলেন।