দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সাতজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময়ে সর্বাধিক নতুন রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে—২০১ জন।
ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ২১২ জন। এর মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—১০২ জন। বরিশাল বিভাগে মারা গেছেন ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন।
ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।