বাংলাদেশী আমেরিকান টেক কলিশন (বিএটিসি) এর উদ্যোগে জাতিসংঘে সফররত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কের ম্যানহাটনের ঐতিহ্যবাহী হায়াত হোটেলের সুইটে এ বৈঠক আয়োজন করা হয়।
বিএটিসির ফাউন্ডিং চেয়ারম্যান মিজান চৌধুরী এবং ফাউন্ডিং সেক্রেটারি আহমেদ সোহেলের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম, দেলওয়ার মানিক, কাউসার আহমেদ, জুবায়ের হোসেন, মোহাম্মদ জাসির, মো. আনিস, ফরিদ মাহমুদ, নুরুল ইসলাম, জিয়াউল আহসান, আসিফ পাবন, আনিসা প্রমুখ।
বৈঠকে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিং খাতে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের আইটি সেক্টরকে বিশ্বমানের পর্যায়ে নিতে হলে প্রবাসীদের অভিজ্ঞতা ও বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে যৌথভাবে কাজ করার সুযোগ অসীম।”
এ সময় বিএটিসির প্রেসিডেন্ট ও সেক্রেটারি বিনিয়োগ সম্প্রসারণে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা জানান, দেশের উন্নয়নে প্রবাসী কমিউনিটির সক্রিয় ভূমিকা আরও বাড়াতে তারা কার্যকর উদ্যোগ নেবেন।
বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তথ্যপ্রযুক্তি খাতে দেশ–বিদেশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।