বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তাদের দল ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন চায়নি, চায় না এবং ভবিষ্যতেও করবে না।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হলেও তাদের রাজনীতি সমন্বয় ও অন্তর্ভুক্তির ভিত্তিতে পরিচালিত হয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে সব ধর্ম-বর্ণ, গোত্র, ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের ঐক্য নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে।
আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করছে। এজন্য জাতীয় সংসদ নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন, যাতে গণতান্ত্রিকভাবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই ভোটাধিকারের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে বিএনপি। তবে গণতান্ত্রিক উত্তরণের পথে ষড়যন্ত্র ও বাধা সৃষ্টির চেষ্টাও চলছে। দেশি-বিদেশি যেকোনো শক্তি এ ধরনের বাধা দিলে জনগণই তা প্রতিহত করবে বলে সতর্ক করেন তিনি।
এক প্রশ্নের উত্তরে পিআর (Proportional Representation) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এটি স্থায়ী অস্থিরতা তৈরি করে এবং বিভিন্ন দেশে অস্থিতিশীলতার কারণ হয়েছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষ এই পদ্ধতির বিপক্ষে। সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির কাছে পিআর মানে হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক ও জনসংযোগ, কেবল সরকার গঠনের পদ্ধতি নয়।