২৮ সেপ্টেম্বর, রবিবার পাকিস্তানের ২৪ নাগরিকসহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে। জাহাজটি হামলার সময় ইয়েমেনের রাস ইসা বন্দরে অবস্থান করছিল, যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।
মন্ত্রী জানান, হামলার সময় ট্যাঙ্কারের ক্রুদের মধ্যে পাকিস্তানির পাশাপাশি দুইজন শ্রীলঙ্কান ও একজন নেপালের নাগরিকও ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি। হামলার পর ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
নকভি বলেন, “এরপর হুতি নৌযান ট্যাঙ্কারটি আটক করে এবং ক্রুদের জাহাজে বন্দি করে রাখে। তবে বর্তমানে ট্যাঙ্কার ও ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে।”
মন্ত্রী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবের কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিন-রাত অতুলনীয় পরিশ্রম করেছে।”
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে জানিয়েছিল, ২৪ পাকিস্তানি ক্রু নিরাপদে আছেন এবং বর্তমানে ইয়েমেনের জলসীমার বাইরে যাচ্ছেন। মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ঘটনা সম্পর্কে ক্রুদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। বর্তমানে ট্যাঙ্কার বন্দরে থেকে যাত্রা শুরু করেছে এবং সকল ক্রু নিরাপদে রয়েছে।
সূত্র: পাকিস্তানের ডন পত্রিকা।