ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ভক্তদের সতর্ক করেছেন। তিনি জানান, তার নামে একাধিক ফেক আইডি চালানো হচ্ছে, যা ভক্তদের বিভ্রান্ত করছে।
লাইভে প্রভা বলেন— “অনেকগুলো ফেক আইডি দেখেছি। এমনকি আমার ছবি ব্যবহার করে লেখা হচ্ছে, ‘রিচ কমেছে, সবাই কমেন্টে সাড়া দিন’। এগুলো মোটেও আমার নয়।”
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।”
প্রভা ভক্তদের সতর্ক করে দেন, “ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে কেউ এমন কিছু করলে, সেটা আমি করিনি। দয়া করে বিচার করবেন না।”
অন্যদিকে, কাজের দিক থেকেও ব্যস্ত এই অভিনেত্রী। সরকারি অনুদানের দুটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। শিগগিরই তিনি অভিনয় করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেনা পাওনা’-য়, যেখানে প্রভা অভিনয় করবেন নিরুপমা চরিত্রে। তার বিপরীতে থাকবেন মামনুন ইমন।