রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজায় ‘পূরবী জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকের অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা চুরি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে ওই শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর দোকানটিতে চুরি চালানো হয়।
পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, এ ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে, যেখানে আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন।
দোকানের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া দুর্বৃত্তরা নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, চুরির ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।