হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করা হবে আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর)। ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিকেল ৫টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্যাকেজ ঘোষণা করবেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ দেওয়া হবে। এর আগে ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সেসময় প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ধরা হয়েছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় খরচ নির্ধারিত হয়েছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি হজযাত্রীদের জন্য একটি নির্দিষ্ট প্যাকেজ ঘোষণা করা হবে। এর নিচে কোনো এজেন্সি নিজেদের প্যাকেজ দিতে পারবে না।
রবিবার বিকেলে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ সভায় অনুমোদন সাপেক্ষেই হজ প্যাকেজ প্রকাশ করা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী হজ মৌসুমে বিমান ভাড়া নিয়ে আলোচনা হয়। ধর্ম মন্ত্রণালয় ভাড়া ১ হাজার ১০০ ডলার (প্রায় ১ লাখ ৩৪ হাজার ২০০ টাকা, শুল্ক ছাড়া) প্রস্তাব করলেও বিমান মন্ত্রণালয় ভাড়া ১ হাজার ২০০ ডলার নির্ধারণের সুপারিশ করে।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্যমতে, সর্বশেষ আলোচনায় বিমান ভাড়া ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে হতে পারে। এতে চলতি বছরের তুলনায় ৮ থেকে ১০ হাজার টাকা কমতে পারে।
এ প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “বিমান ভাড়া নিয়ে আলোচনা চলছে। জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও সিভিল এভিয়েশনের ফি কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। আগামীকালই প্যাকেজ ঘোষণা করা হবে।”
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা বিমান ভাড়া চূড়ান্ত করার চেষ্টা করছি। একটি সিদ্ধান্ত হয়েছে, তবে এখনই তা প্রকাশ করতে চাই না।”