নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যার ঘটনায় দুই এনওয়াইপিডি কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছে সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ড (সিসিআরবি)।
২০২৪ সালে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন সালভাতোরে অ্যালঙ্গি ও ম্যাথিউ সিয়ানফ্রকো। বোর্ড তাদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও ক্ষমতার অপব্যবহারসহ আটটি অভিযোগ প্রমাণ করেছে। সিসিআরবির সিদ্ধান্ত অনুযায়ী, কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এনওয়াইপিডি কমিশনার।
নিহতের মা নোটান ইভা কস্তা এক বিবৃতিতে বলেন, “আমার চোখের সামনেই অ্যালঙ্গি ও সিয়ানফ্রকো আমার ছেলেকে হত্যা করেছে। আমি ও আমার আরেক ছেলে প্রায় মারা যাচ্ছিলাম। প্রতিদিন আমি ছেলেকে মিস করি, আমার হৃদয় এখনও ভাঙা।”
ঘটনার বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, পুলিশ রোজারিওর ওজোন পার্কের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে রান্নাঘরে যায়। সেখানে মানসিকভাবে বিপর্যস্ত রোজারিও ড্রয়ার থেকে কাঁচি বের করলে অ্যালঙ্গি টেসার ব্যবহার করেন। কস্তা প্রথমে কাঁচি সরিয়ে ফেললেও রোজারিও আবার সেটি হাতে তুলে নেন। পরে সিয়ানফ্রকো প্রথমে তার হাতে গুলি করেন, এরপর বুক লক্ষ্য করে একাধিক গুলি চালান। এতে ঘটনাস্থলেই মারা যান রোজারিও।
এ বিষয়ে পুলিশের বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক হেনড্রি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেন, “সিসিআরবির অনেক সদস্য অ্যান্টি-পুলিশ কর্মীদের প্রভাবে কাজ করেন। কর্মকর্তাদের পদক্ষেপ বিভাগীয় নীতির মধ্যে ছিল।”
তবে সিসিআরবির মুখপাত্র ডাকোটা গার্ডনার জানান, বোর্ড নিউইয়র্কের জনগণের প্রতি তাদের দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে এবং সব প্রমাণ যাচাই করেই সিদ্ধান্তে পৌঁছেছে।
এনওয়াইপিডির মুখপাত্র ব্র্যাড উইকস জানিয়েছেন, তাদের ফোর্স ইনভেস্টিগেশন ডিভিশন এখনো ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।